ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মজাদার ছোট মাছ

মজাদার ছোট মাছ
×

সানজিদা আক্তার মৌসুমী

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

ছোট মাছের স্বাদই আলাদা। পুষ্টিগুণও অনেক। গরম গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি কিংবা ঝোল খেতে বেশ মজা। ছোট মাছের চার পদের রেসিপি দিয়েছেন সানজিদা আক্তার মৌসুমী

বেগুন দিয়ে পুঁটি মাছ 
উপকরণ: পুঁটি মাছ ২৫০ থেকে ৩০০ গ্রাম, বেগুন দুটি (লম্বা করে কাটা), আলু একটি (ঐচ্ছিক, লম্বা করে কাটা), পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা এক চা চামচ, হলুদ ও মরিচ গুঁড়া এক চা চামচ করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি (ফালি করা), তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে আরও কিছুটা তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য পানি দিয়ে মসলাটি ভালোভাবে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দিন। মসলার সঙ্গে সবজিগুলো কয়েক মিনিট ভাজুন। চচ্চড়ি করতে চাইলে সামান্য পানি দিন; যাতে সবজি সেদ্ধ হয়ে যায় আর পাতলা ঝোল চাইলে পরিমাণমতো ঝোলের পানি যোগ করুন। ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিন। সবশেষে কাঁচামরিচ ও কয়েকটি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে ৫-৬ মিনিট ঢিমে আঁচে দমে রেখে নামিয়ে নিন।

চেউয়া মাছের ভুনা  
উপকরণ: চেউয়া মাছ ২৫০-৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচামরিচ পাঁচ-সাতটি (মাঝখান থেকে চেরা), রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, টমেটো কুচি একটি, ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদমতো, সরিষার তেল প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি : কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ সোনালি করে ভাজুন। এবার রসুন বাটা ও সামান্য পানি দিয়ে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তেল ওপরে ভেসে উঠলে টমেটো কুচি দিয়ে দিন এবং টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মসলা ভালো করে কষানো হলে ধুয়ে রাখা চেউয়া মাছগুলো কড়াইতে দিয়ে দিন। এই মাছ খুব নরম হয়; তাই বেশি নাড়াচাড়া করবেন না। সামান্য পানি দিয়ে হালকা নেড়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। ঝোল মাখামাখা হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।

বাচা মাছের টমেটো ঝোল  
উপকরণ: মাছ ২৫০ গ্রাম, টমেটো দুটি (মাঝারি, কিউব করে কাটা), কাটা আলু একটি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা চার ভাগের এক চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ চার-পাঁচটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, ধনিয়া পাতা। 
প্রস্তুত প্রণালি: পরিষ্কার করা মাছগুলোতে সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিন। মাছগুলো হালকা ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। রসুন বাটা, সামান্য পানি এবং হলুদ, মরিচ, জিরা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। আলুর টুকরাগুলো দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এবার টমেটো ও কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ মসলার সঙ্গে কষান। পরিমাণমতো গরম পানি দিন। ঝোল ফুটতে শুরু করলে মাছগুলো সাবধানে ঝোলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। আলু ও টমেটো সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

কাচকি মাছের চচ্চড়ি 
উপকরণ : পরিষ্কার করে ধোয়া কাচকি মাছ ২৫০-৩০০ গ্রাম, একটি বড় আলু (পাতলা লম্বা করে কাটা), দুটি বড় পেঁয়াজ (মিহি করে কাটা), একটি টমেটো কাটা, এক চা চামচ করে হলুদ, জিরা গুঁড়া, এক টেবিল চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, ধনিয়া পাতা, পরিমাণ মতো সরিষার তেল। 
প্রস্তুতি প্রণালি: হাতে মাখিয়ে অথবা ভেজে এই চচ্চড়ি করতে পারেন। কড়াইতে কাটা পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, টমেটো, মসলা এবং সরিষার তেল আলতোভাবে হাত দিয়ে মাখিয়ে নিন। পেঁয়াজ ও টমেটো সামান্য থেঁতলে দিন; যাতে সেখান থেকে রস বেরিয়ে আসে। এবার কাচকি মাছগুলো আলতোভাবে মিশিয়ে দিন; যাতে সেগুলো ভেঙে না যায়। চার ভাগের এক কাপ পানি দিন। কড়াইটি ঢেকে মাঝারি-কম আঁচে প্রায় ১০-১২ মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু নরম হয় এবং পানি প্রায় শুকিয়ে যায়। নামানোর আগে তাজা ধনিয়া পাতা এবং সুগন্ধির জন্য সামান্য সরিষার তেল ছড়িয়ে দিন। ভেজে রান্না করতে চাইলে প্যানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও রসুনের পেস্ট দিয়ে নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। আলু, হলুদ, জিরা গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ যোগ করুন। কয়েক মিনিট ভেজে নিন। মাছ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। নামোনোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে দিন।

আরও পড়ুন

×