কক্সবাজারে আরো ১৭ জনের করোনা শনাক্ত
কক্সবাজার অফিস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:১৪
কক্সবাজারে নতুন করে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলায় ১৩ জন এবং বান্দরবান জেলার ৪ জন। কক্সবাজার জেলার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ২ জন এবং চকরিয়া উপজেলায় ৪ জন। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হল ৩৬ জন।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, রোববার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১২৩ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর বুধবার দুপুর পর্যন্ত রিপোর্টে ১৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে কক্সবাজার জেলায় ১৩ জন। এতে কক্সবাজার সদরের ৫ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৪ জন এবং পেকুয়ায় ২ জন রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, গত ২৯ দিনে মোট ১২৫০ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে। তার মধ্যে ৪২ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৬ জন, রামুতে ১ জন, চকরিয়ায় ৬ জন, কক্সবাজার শহরে ৭ জন এবং পেকুয়ায় ২ জন। অপর ৬ জন বান্দরবান জেলার।