গজারিয়ায় ৫ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন
গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০২:১২
মুন্সীগঞ্জের গজারিয়ায় নতুন করে ৫ স্বাস্থ্যকর্মীসহ সাতজনের করোনা শনাক্ত হয়েছে। রোববার গজারিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম তথ্যটি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম জানান, গত ৩০ এপ্রিল সাত জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । এদের সবারই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, উপজেলায় মোট আক্রান্তের ১৯ জনের মধ্যে ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও একজন পোষ্য রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার করোনা শনাক্ত হওয়া দুই চিকিৎসকের কোনো উপসর্গ ছিল না। শনাক্তের আগের দিনও তারা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বর্হিঃবিভাগে দায়িত্ব পালন করেছেন। তবে রিপোর্টে করোনা পজিটিভ আসার পর তাদের সংস্পর্শে আসা ছয়জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা একজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নিজেকে শংকা মুক্ত মনে করছেন না। শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, এপ্রিল মাসের ১০ তারিখে প্রথম স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ সহকারী মেডিকেল অফিসার,একজন নার্সের করোনা শনাক্ত হয়। পরে পর্যায়ক্রমে স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্বাস্থ্যসেবা দানকারী করোনায় আক্রান্ত হন। প্রথম করোনা শনাক্তের পর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রেখে কোয়ার্টার এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরে পুরো কমপ্লেক্স ক্যাম্পাসে ফায়ার সার্ভিসের সাহায্যে জীবানুনাশক স্প্রে করে পুনরায় সীমিত আকারে স্বাস্থ্য সেবা দান শুরু হরা হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী খুব জরুরি না হলে সবাইকে হাসপাতালের পরিবর্তে টেলিমেডিসিন সেবা গ্রহনের পরামর্শ দিয়েছেন।