ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে হাসপাতাল ছাড়লেন করোনাজয়ী ১৩ জন

কিশোরগঞ্জে হাসপাতাল ছাড়লেন করোনাজয়ী ১৩ জন
×

হাসপাতাল ছাড়ছেন ১৩ জন করোনাজয়ী

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৬:০৩ | আপডেট: ০৩ মে ২০২০ | ০৭:৫৬

কিশোরগঞ্জের করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) ১৩ জন  সুস্থ হয়ে একদিনে হাসপাতাল ছেড়েছেন।

করোনা রোগীদের জন্য নির্দিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রোববার দুপুরে এই ১৩ করোনাজয়ীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আরো আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে এ নিয়ে এই হাসপাতাল থেকে মোট ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হলেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান, বর্তমানে হাসপাতালটিতে আটজন করোনাভাইরাস পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নতুন করে সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন ভৈরব উপজেলার, চারজন ইটনা উপজেলার, দুইজন মিঠামইন উপজেলার, একজন পাকুন্দিয়া উপজেলার ও একজন হোসেনপুর উপজেলার। তাদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন মহিলা। রয়েছেন একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য এবং দুইজন স্বাস্থ্যকর্মী।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

তারা হলেন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজিবুল ইসলাম (২৯), একই হাসপাতালের দুই ইপিআই টেকনিশিয়ান মামুনুর রশিদ (২৮) ও কারিনা খাতুন (২৩), ইটনা উপজেলার পাগলশী গ্রামের মারুফা আক্তার (৩৫), ভৈরব থানার পুলিশ সদস্য আবদুস সামাদ (৪৫), ভৈরব উপজেলার কাজী আবুল হোসেন (৬২), তার দুই মেয়ে স্নিগ্ধা (২৩) ও নউরিন শারমিন নিলা (১৮), একই উপজেলার রাজু আহমেদ (২৫), মিঠামইন উপজেলার ফিরোজ মিয়া (৪৫) ও আলফাজ উদ্দিন (৩২), পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া গ্রামের উছমান মিয়া (৬৫) এবং হোসেনপুর উপজেলার নারায়ণডহর এলাকার আসাদ মিয়া (৩০)। 

তবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন ছাড়াও আরো বেশ কয়েকজন সুস্থ হয়েছেন। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত করার পর সুস্থ হওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা ও সংখ্যা পাওয়া যাবে বলেও সিভিল সার্জন জানিয়েছেন। 

কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট ১৮৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

বাকি ১৭৯ জনের মধ্যে জেলায় প্রথম ব্যক্তি হিসেবে গত ২৫ এপ্রিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা ভাইরাসমুক্ত হয়ে ইটনা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ ছাড়পত্র পান।


আরও পড়ুন

×