মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা
বুড়িচং( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০০:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে এবং গ্রেফতারকৃত রুবেল সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাধা দিতেন। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা আসলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।