টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৩:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর লৌহজং নদী থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর কাগমারা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮)। নিহতের বাবা রাশেদুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত। তার বাড়ি টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায়। নিহত আশিক টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বাবা রাশেদুল ইসলাম জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে ওই মেয়ের সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল ফোন উপহার দেয়। মেয়ের বড় ভাই মাহিম বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নেওয়ার জন্য তাদের বাসায় ডাকেন। গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে সে ওই মেয়ের বাসায় মোবাইল সেট আনতে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রেমঘটিত ব্যাপারে মেয়ের ভাই ও তার পরিবারের লোকজন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেয়ে তার ভাই এবং মাসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে লাশ দাফন করা করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।