ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ক্ষেতে উৎপাদিত সব ফসল বিতরণ করে দিলেন মাগুরার কৃষক মঞ্জু

ক্ষেতে উৎপাদিত সব ফসল বিতরণ করে দিলেন মাগুরার কৃষক মঞ্জু
×

কৃষক মঞ্জু শেখ- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৩:৪৮ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৪:০৪

করোনা পরিস্থিতে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজের ক্ষেতে উৎপাদিত সব ফসল ও খাদ্য সামগ্রী বিতরণ করে দিয়েছেন মাগুরার শ্রীপুর গ্রামের সাধারণ কৃষক মঞ্জু শেখ। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে তিনি দুইশ’ দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ফসল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঞ্জু শেখ বলেন, তিনি কোন নেতা বা জনপ্রতিনিধি নন। তিনি একজন সাধারণ কৃষক। নিজের জমিতে চাষাবাদ করে যে ফসল উৎপাদন হয়, তা দিয়ে সারা বছর পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে জমিতে ভাল উৎপাদন হলে কোন-কোন বছর পারিবারিক চাহিদা মিটিয়ে অনেক সময় কিছু ফসল উদ্বৃত্ত থেকে যায়। কিন্তু তার এলাকায় অনেক শ্রমজীবি মানুষ আছেন, যাদের কোন ফসলী জমি বা ব্যবসা বাণিজ্য নেই। বর্তমান করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া এ সব মানুষেরা আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। যে কারণে তিনি এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বোরো ধান ওঠার আগে পর্যন্ত নিজের ১৫ দিনের খাবারের চাল ঘরে রেখে মঙ্গলবার বিকেলে তার ক্ষেতে উৎপাদিত ধান-চাল থেকে এলাকার ২০০ মানুষের প্রত্যেকের মাঝে পাঁচ কেজি করে চাল, ৫ কেজি গম, ও অন্যান্য ফসল বিক্রি করে তেল ও আলু কিনে বিতরণ করেছেন।

মঞ্জু শেখ আরও বলেন, করোনাভাইরাস থেকে তিনি একটি শিক্ষা পেয়েছেন- মানুষের জীবনে মূল্যহীন। সামান্য এক ভাইরাসের কাছে অর্থবিত্ত , ক্ষমতা সবকিছুই মূল্যহীন। মহান আল্লাহর ওপর বিশ্বাস আর ধর্মীয় অনুশাসন মেনে যতদিন তিনি বাঁচবেন ততদিন সব লোভ-ললসা ত্যাগ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

নজরুল ইসলাম নামে স্থানীয় এক কলেজ শিক্ষক বলেন, কৃষক মঞ্জু শেখ শুধু দুইশ’ মানুষের মাঝে চাল, গম, আলু, তেল বিতরণ করেছেন। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণে বিগত দিনে তার বাড়িতে এসে কোন অসাহায় মানুষ খালি হাতে ফিরে যাননি। প্রায় প্রতিদিন ২-৪ জন মানুষকে তিনি এভাবে সহায়তা করে চলেছেন।

কলেজ শিক্ষক বলেন, এর আগেও তিনি এ ধরনের অনেক মানবিক কাজ করেছেন। একজন সাধারণ কৃষক হয়েও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরও পড়ুন

×