ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিলেটে প্রথম করোনা জয় করে বাড়ি ফিরলেন ৫ জন

সিলেটে প্রথম করোনা জয় করে বাড়ি ফিরলেন ৫ জন
×

হাসপাতাল ছাড়ছেন করোনাজয়ী ৫ জন

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৫:০২ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৫:২১

সিলেটে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আক্রান্ত পাঁচজন। বুধবার বেলা ১টার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তারা। এসময় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তাদের গোলাপ দিয়ে বিদায় জানান। 

সিলেট জেলায় এই প্রথম করোনা আক্রান্ত কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই পাঁচজনকে ছাড়পত্র দেওয়ার পর বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ২৩ জন।

সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র তাদের বিদায় জানান। 

ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হওয়া সবাই গত ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের সিলেট বিভাগের চার জেলার করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। বুধবার ছাড়পত্র পাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। 

তিনি জানান, আমরা যে পাঁচজনকে ছাড়পত্র দিয়েছি, তাদের সবারই নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। পরপর যাদের দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, তাদের সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে ২৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যাদের মধ্যে চারজন মারা গেছেন। অন্যদিকে সিলেট জেলার ৫ জনসহ সবমিলে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর দুইজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।


আরও পড়ুন

×