রাঙামাটিতে ৪ জনের করোনা শনাক্ত
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৭:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাঙামাটি জেলায় প্রথমবারের মতো ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী নার্সও রয়েছেন। তাদের বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্যবিভাগ জানায়, রাঙামাটি থেকে কয়েকজনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্টে ৪ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা। আক্রান্ত চারজন- ৯ মাসের এক শিশু,১৯ বছরের এক যুবক, ৩৮ বছরের এক নারী নার্স ও ৫০ বছরের একজন পুরুষ। তাদের মধ্যে শহরের রিজার্ভ বাজারের একজন, দেবাশীষনগরের একজন ও রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার দু'জন।
রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ এলাকাগুলো লকডাউন করা হয়েছে। তারা জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিল। বুধবার রিপোর্ট আসার পর তাদের কাছ থেকে আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।