ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খাদ্যসহায়তা বিতরণে অনিয়ম

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৯:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সরকারি খাদ্যসহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। এ সময় এই কর্মসূচির প্রতিবাদে সমাবেশ করেন সংশ্লিষ্ট চেয়ারম্যান। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 

বুধবার বেলা ১১টার দিকে নওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ও বাজারে পাল্টাপাল্টি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে বুধবার নওপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন কয়েকজন ইউপি সদস্যদের নেতৃত্বে স্থানীয় কয়েকশ জনতা। এসময় তারা চেয়ারম্যানের নানা দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দেন এবং চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। 

নওপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মনজুর হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য আতিয়ার রহমানসহ কয়েকজন অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের কারণে আসা সরকারি বিভিন্ন সহায়তার কার্ড চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু নিজের লোকদের বণ্টন ও নিজের কাছে রেখে সেই সহায়তার চাল আত্মাসাত করছেন। এসব বিষয় নিয়ে চেয়ারম্যানকে বলা হলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানাভাবে হুমকি দেন। আমাদের কোনো তালিকা তিনি গ্রহণ করেননি।

তারা আরও বলেন, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক হারে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। 

এদিকে ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে একই সময়ে নওপাড়া ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চেয়ারম্যার জাহিদুল ইসলাম ও তার অনুসারীরা। সমাবেশ থেকে কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে তাদের ইউনিয়ন পরিষদ থেকে হটানোর ঘোষণা দেওয়া হয়। 

চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, কিছু ইউপি সদস্য তার কাছে বিভিন্ন সময় অনৈতিক সুবিধা চান। তিনি সেই সুবিধা না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচারে নামেন সদস্যরা। কয়েকশ গজ দূরে পাল্টাপাল্টি এ সমাবেশ চলাকালীন চেয়ারম্যানের সমর্থকরা মিছিল নিয়ে সদস্যদের সমাবেশের সামনে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×