বগুড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২০ | ১০:৪৮ | আপডেট: ০৬ মে ২০২০ | ১০:৫৪
বগুড়ায় নতুন করে আরও এক স্বাস্থ্যকর্মীসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ৯টায় এ তথ্য জানিয়ে বলেন, পাঁচজনের বাড়িই বগুড়া শহরে। তবে তাদের ৪জনই ঢাকাফেরত। আর একজন যিনি বগুড়া বক্ষব্যধি হাসপাতালের স্বাস্থ্য কর্মী তিনি করোনা পজিটিভ তার ভগ্নিপতি ও নার্স বোনের সংস্পর্শে গিয়েছিলেন।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা তেইশে দাঁড়ালো।
সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বগুড়ায় মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬০টি বগুড়ার। আর বাদবাকী ২৮টির মধ্যে ২৩টি জয়পুরহাট. ২টি গাইবান্ধার এবং সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও গাজীপুরের একটি করে নমুনা রয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকাফেরত ৪জনের মধ্যে তিনজনের বাড়ি শহরের বৃন্দাবনপাড়া এলাকায়। ১৮, ২০ এবং ২৭ বছর বয়সী ওই তিন যুবক একে অপরের কাজিন। তারা গত ৪ মে ঢাকা থেকে বগুড়ায় ফিরে সরাসরি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসে। বুধবার করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হওয়ার পর তাদের সবার বাড়ি লকডাউন করা হয়েছে।
ঢাকাফেরত অপর যে ব্যক্তির করোনা পজিটিভ এসেছে তার বাড়ি শহরের গন্ডগ্রাম এলাকায়। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকা থেকে ফেরার পর করোনা উপসর্গ নিয়ে গত ৩ মে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। আর করোনা পজিটিভ ভগ্নিপতি ও বোন শজিমেক হাসপাতালের নার্সের সংস্পর্শে গিয়ে নিশিন্দারা উপশহর বক্ষব্যধি হাসপাতালের এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা গত ৩ মে সংগ্রহ করা হয়।
তিনি বলেন, এর আগেও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের এক নারী স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বক্ষব্যধি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী যেহেতু করোনায় আক্রান্ত হয়েছেন সেজন্য ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে কোন উপসর্গ না থাকার কারণে ওই নার্সসহ অপর ৩ যুবকককে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।