ফরিদপুরে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে `নন্দিতা সুরক্ষা`
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ মে ২০২০ | ১১:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে রাস্তায় বের হচ্ছেন না মানুষ। কিন্তু ঋতুচক্র তো স্বাভাবিক নিয়মেই হয়। তা মানে না কোনো লকডাউন। এই সময়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন নারীরা। কারণ অনেক স্থানেই স্যানিটারি ন্যাপকিনের জোগান খুবই কম। খাবার সংস্থান করতেই যখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার হিমশিম খাচ্ছে তখন স্যানিটারি ন্যাপকিনের কথা তো কেউ কল্পনাও করেন না। ইচ্ছে থাকলেও যে উপায় নেই। এরকমই সংকটময় পরিস্থিতিতে তাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিচ্ছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষা।
চলতি মে মাসের শুরু থেকে ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর ও বাখুন্ডা এলাকার নারীদের হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হচ্ছে।
সংগঠনটির সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, কোনো নারী যদি স্যানিটারি ন্যাপকিন কেনার মত অবস্থায় না থাকেন তিনি আামদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নন্দিতা সুরক্ষা আপ্রাণ চেষ্টা করবে আপনার কাছে পৌঁছে যেতে। এমন সংকটপূর্ণ সময়ে আমরা যেন সকলেই নিজ নিজ জায়গা থেকে নারীকে সহায়তা করি।
নন্দিতা সুরক্ষা এক মাস ধরে ফরিদপুরের নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের মাঝে মানবিক সহায়তার পাশাপাশি গত পাঁচ দিনে পাঁচ শতাধিক নারীকে এক মাসের স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট উপহার দিয়েছে।