ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যুবলীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে কিলঘুষি মারার অভিযোগ

যুবলীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে কিলঘুষি মারার অভিযোগ
×

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১০:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের এক নেতার হাতে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল শিকদারসহ কয়েকজন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম, মতিউর রহমানের সঙ্গে দেখা করতে যান। এসময় ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলার একপর্যায় উত্তেজিত হয়ে পত্তাশি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু যুবলীগ নেতা ইকরামুল শিকদারকে কিলঘুষি মারেন।

হামলার শিকার যুবলীগ নেতা ইকরামুল শিকদার জানান, আমাকে যুবলীগ নেতা মিন্টু ডেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি ও ওয়ার্ড যুবলীগের নেতাদের সামনে আমার ওপর হামলা করে আমাকে লাঞ্ছিত করেছেন। আমি ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি। এ বিষয় আমি হামলাকারী সাইফুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।

অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টু জানান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার নিজেকে যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে ত্রাণের নামে টাকা তোলেন এবং দলীয় লোকদের উপেক্ষা করে কখনও যুবলীগ নেতা কখনও সাংবাদিক পরিচয় দিয়ে নানা অনিয়ম করেন। এ বিষয় যুবলীগ নেতার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কোন হামলা বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।

উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর জানান, আমি ঘটনার সময় ওই স্থানে ছিলাম না। পরে গিয়ে দেখি যুবলীগের দুই নেতার মধ্যে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছে। 

উপজেলা চেয়ারম্যান এম, মতিউর রহমান জানান, যুবলীগের নেতৃবৃন্দের সামনে দলীয় বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বাকবিতণ্ডার কথা শুনেছি। ওই সময় আমি অফিসের মধ্যে ছিলাম।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবীবুর রহমান জানান, এ বিষয়ে হামলার শিকার ইকরামুল শিকদার লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টু তাকে কিলঘুষি দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ দিয়েছেন।


আরও পড়ুন

×