ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সমকালের সংবাদে খাবার পেল ২৫০ গারো পরিবার

সমকালের সংবাদে খাবার পেল ২৫০ গারো পরিবার
×

নৃগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে -সমকাল

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৪:৩১ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৬:২২

"২৫০ গারো পরিবারের দিন কাটছে অনাহারে" -শিরোনামে সমকালের অনলাইন এবং প্রিন্ট সংস্করণে সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের তরফ থেকে খাবার পাওয়ার পর এবার তাদের পুরো ১ মাসের খাবার দিলো ছাত্র অধিকার পরিষদ। ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং মধুপুর উপজেলার গারো আদিবাসী নৃগোষ্ঠীর পরিবারসহ অসহায় দুস্থ ২৫০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

গণস্বাস্থ্য কেন্দ্রের আর্থিক সহযোগিতায় ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলায় ১৫০ ও মধুপুর উপজেলায় ১০০ আাদিবাসী এবং অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ডাল, সাবান, আটা, আলু, সেমাই ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ শাখার যুগ্ম আহ্বায়ক জাকারুল ইসলাম, মতিউর ইসলাম লিটন, সংগীতা চাম্বুগং, আবুল বাশার, মনজুরুল ইসলাম প্রমুখ। 

জাকারুল ইসলাম বলেন, সমকালের পাতায় খবরটি দেখে ফুলবাড়িয়া এবং মধুপুর উপজেলার অন্তত ২৫০টি আদিবাসী এবং হতদরিদ্র পরিবারকে ১ মাসের খাদ্যসামগ্রী দিতে পেরে আমারা খুবই আনন্দিত। আদিবাসীদের মানবেতর জীবন দেখে চোখে জল ধরে রাখা যায় না। গণস্বাস্থ্য কেন্দ্রের আর্থিক সহযোগিতা এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ঢাবির ভিপি নুরুল হক নুরু ভাইয়ের পরামর্শে আমরা এই ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছি। 

এদিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের নৃগোষ্ঠীর মাঝে ইতোমধ্যেই প্রশাসনের তরফ থেকে ত্রাণসামগ্রী পাবার পর বৃহস্পতিবার সাধারণ ছাত্র পরিষদের পক্ষ থেকে ১ মাসের খাবার পেয়েছেন বলে জানান আদিবাসী গ্রামের পঞ্চায়েত প্রধান জগদিশ মারাক।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক সমকালকে বলেন, আমার খুব ভালো লাগছে দেশের এ পরিস্থিতিতে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সহায়তায় প্রশাসনের পাশাপাশি দেশের ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসছে। এই করোনার মহামারিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে থাকা নৃগোষ্ঠী মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিতে পারাটা প্রশংসার দাবি রাখে। 

আরও পড়ুন

×