ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে ফিরছেন ব্যবসায়ীরা

খাগড়াছড়িতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে ফিরছেন ব্যবসায়ীরা
×

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ১১:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খাগড়াছড়িতে সরকারি নিয়ম মেনে ১০ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। এ সিদ্ধান্তের পর সাধারণ ছুটি শুরুর পর থেকে জেলার বাইরে থাকা ব্যবসায়ীরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সবশেষ তথ্যমতে, ১০ মে সকাল ১০ থেকে সরকারি নিয়ম মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করা যাবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। শুধুমাত্র ঔষধের দোকান এ ঘোষণার আওতামুক্ত থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও হাট-বাজার কিংবা রাস্তার পাশে ভ্রাম্যমাণ হকারদের ওপর থেকে উঠছে না নিষেধাজ্ঞা। 

পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবানে করোনার সংক্রামণরোধে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত হলেও খাগড়াছড়িতে চালু হচ্ছে। এতে করে উদ্বেগ বাড়ছে নাগরিক সমাজে।

সমাজকর্মী প্রদীপ ত্রিপুরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে প্রতিদিন নানা অজুহাতে খাগড়াছড়িতে ফিরছে জেলার বাইরে থাকা লোকজন। যারা ফিরছেন তাদের অধিকাংশের এলাকায় ইতোমধ্যে করোনার সংক্রমণ ঘটেছে। এসব এলাকা থেকে যে হারে লোকজন প্রবেশ করছে তাদের কোয়ারেন্টিন নিশ্চিত হচ্ছে না। 

খাগড়াছড়ি জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী বলেন, পৌর মেয়র ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে কি শর্তে ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকেও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিষয়গুলো অবহিত করা হয়েছে। 

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, নিয়মানুসারে পৌর কর্তৃপক্ষের যা করণীয় তা করা হচ্ছে। পৌর এলাকার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। ক্রেতাদের সাথে ভাল আচরণ, স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সমন্বয় করে কাজ করছে। প্রবেশমুখ দিয়ে কারা আসছে বা বের হচ্ছে এটি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন

×