ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেবিদ্বারে ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ

কালীগঞ্জ, চারঘাটে আরও দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

দেবিদ্বারে ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ
×

 দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে দেবিদ্বার থানায় মামলা হয়েছে।

মামলায় দুই অভিযুক্ত হলেন দে‌বিদ্বারের বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া ও তাঁর মামাতো ভাই ইসমাইল হোসেন। ঘটনার পর থেকে দুজনই পলাতক। 
মাদ্রাসাছাত্রীর বাবা জানান, সবুজ দীর্ঘদিন তাঁর মেয়েকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। অপহরণ ও ধর্ষণের পর আসামিরা মেয়েটিকে হুমকি দেওয়ায় ভয়ে সে প্রথমে পরিবারকে কিছু জানায়নি। গত মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের কাছে সে পুরো ঘটনা খুলে বলে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

কালীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামের দেওয়ান বাড়িতে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত প্রতিবেশী হানিফ দেওয়ান হানিফা এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

ছাত্রীর পরিবার জানায়, কয়েক দিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফ শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। চার দিন আগে একই কায়দায় হানিফ শিশুটিকে আবার ধর্ষণ করেন। গত সোমবার রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে। 
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চারঘাটে সাত বছরের শিশুকে ধর্ষণ
এদিকে চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক যুবক প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে চারঘাট স্লুইসগেটসংলগ্ন হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
অভিযুক্ত যুবক শ্রী দেব (২১) শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক। চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×