ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ফরিদপুরে এক পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত

ফরিদপুরে এক পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরে একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে রোববার বিকেলে এ তথ্য জানা গেছে। এই নিয়ে ফরিদপুর জেলায় এখন পর্যন্ত ৩২ জনের করোনা সনাক্ত হলো।

নতুন শনাক্ত ছয়জনের পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে। আক্রান্তরা হলো- এক ভাই, তার দুই ভাইয়ের স্ত্রী এবং এক ভাইয়ের ছেলে (২০) ও এক ভাইয়ের মেয়ে (১৪)। ওই পরিবারের এক নারী সম্প্রতি ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে বাড়িতে আসেন। তার আগেই করোনা শনাক্ত হয়েছিল। তার মাধ্যমে পরিবারের অন্য পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর করোনা শনাক্ত হয়েছে। তার বয়স ১৮। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, 'ফরিদপুরে রোববার নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে বোয়ালমারীতে ১০ জন, ফরিদপুর সদরে ৭ জন, নগরকান্দায় ৫ জন, ভাঙ্গায় ৩ জন, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় দু'জন, সদরপুরে দু'জন এবং মধুখালীতে একজন।'

সিভিল সার্জন আরও বলেন, 'আক্রান্তদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের মধ্যে নগরকান্দার চারজন, বোয়ালমারী একজন ও ভাঙ্গার একজন।'

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। রোববার সদরপুরের ঢেউখালী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীর বাড়িটিও লকডাউন করা হয়।

 


আরও পড়ুন

×