ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে প্রথম দিনে ভার্চুয়াল আদালতে ৭ জনের জামিন

কিশোরগঞ্জে প্রথম দিনে ভার্চুয়াল আদালতে ৭ জনের জামিন
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৪:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জে আদালতে শারীরিক দূরত্ব বজায় রেখে আসামিদের জামিন শুনানি গ্রহণের জন্য গঠিত ভার্চুয়াল কোর্টের কার্যক্রম আংশিক শুরু হয়েছে। প্রথম দিনে বুধবার কিশোরগঞ্জে চারটি ভার্চুয়াল আদালতে ৭ আসামির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। নারী শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুলনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা জজ কোর্টে দুদকের মামলা, মাদক ও অন্য অপরাধের মোট ৭ জনকে জামিন দেওয়া হয়েছে। আসামিরা দীর্ঘ দিন হাজতে থাকায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

কিশোরগঞ্জের  পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক সমকালকে বলেন,  ভার্চুয়াল কোর্টে প্রথম দিনে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। অপরাধ বিবেচনায় আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মাদক মামলায় যাদের কাছ থেকে কম মাদক উদ্ধার হয়েছে, তাদের জামিন দেওয়া হয়েছে। তাছাড়া দুদকের মামলায় দীর্ঘদিন ধরে যে সব আসামি হাজতে রয়েছেন তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

ভার্চুয়াল একটি কোর্টের দায়িত্বে রয়েছেন জেলা ও দায়রা জজ  মো. সায়েদুর রহমান খান। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ১ ও ২ এর বিচারক কিরন শংকর হাওলাদার এবং কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হাবিবুল্লাহ। বুধবার প্রথম দিন এই আদালতগুলোতে ৫ মামলার জেলা ও দায়রা জজ তিনজনকে, নারী শিশু আদালত একজনকে এবং মুখ্য বিচারিক হাকিম তিন আসামির জামিন প্রদান করেন।   আর বাকি ৫ টি মামলার শুনানির জন্য পরবর্তীতে তারিখ ধার্য করেন আদালত।

আদালত সূত্র জানায়, সিএমএম আদালতের বিভিন্ন থানার তদন্তনাধীন মামলার শত শত  আসামি কারাগারে আছেন। অনেক আইনজীবী প্রক্রিয়াগত জটিলতার জন্য আবেদন করতে পারেনি। 

অধিকাংশ আইনজীবী পদ্ধতিগত জটিলতায়  ভার্চুয়াল কোর্ট বাতিল করে স্বাভাবিকভাবে আদালত খুলে দিতে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

×