আলফাডাঙ্গায় মার্কেটে উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব মানছে না কেউ
মার্কেটে উপচে পড়া ভিড়- সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৫:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অঘোষিত লকডাউনের দিন যতোই বাড়ছে, মানুষ যেন ততোই সামাজিক দূরত্ব না মানার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠছে। দোকানপাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা থাকলেও কেউই মানছে না সেসব। এখন মাস্ক পর্যন্ত পরতে অনীহা অনেকের। স্বাস্থ্যবিধি মানার কোনো চেষ্টাই কারও মধ্যে দেখা যায়নি।
উপজেলার বিভিন্ন এলাকার বাজার এবং আলফাডাঙ্গা সদর বাজারে দেখা গেল একই চিত্র। এমনকি ব্যাংকে আসা লোকজনের মধ্যে ছিলনা সামাজিক দূরত্ব।
বুধবার আলফাডাঙ্গায় সদর বাজারে ছিল হাটের দিন, সকাল থেকে রীতিমতো যানজট। রাস্তার পাশে দোকানগুলোতে মানুষের ভিড়। বিশেষ করে কাপুড়ের দোকানে ছিল উপচে পড়া ভিড়, ক্রেতাদের ছিলনা কোন সামাজিক দূরত্ব।
সদর বাজারের এক কাপড় ব্যবসায়ী দোকানে আসা ক্রেতারা শারীরিক দূরত্ব বজায় রাখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সমকালকে বলেন, ঈদ ঘনিয়ে আসাতে দোকানে ক্রেতার সংখ্যা বেড়েছে। সত্যি কথা বলতে সাধারণ মানুষ এখনো শারীরিক দূরত্ব মানতে চাইছেন না। আমরা দোকানের সামনে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, যাতে কেউ দূর থেকে কোনাকাটা করার জন্য, কিন্তু ক্রেতারা অনেকে এ দড়ি ডিঙিয়ে ভেতরে চলে আসেন। ক্রেতার কোনভাবেই শারীরিক দূরত্ব মানতে চান না।
পৌর মেয়র সাইফুর রহমান বলেন, অহেতুক মানুষের ভীড় আমরাও লক্ষ্য করছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। করোনার বিস্তার রোধে প্রয়োজনে প্রশাসন দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি যাতে সামাজিক দূরত্বটুকু ভালভাবে মানা হয়। অনেক ব্যবসায়ীকে ইতিমধ্যে জরিমানা করেছি, তবুও আমরা এই সচেতনা বাড়াতে কাজ করছি। সাধারণ মানুষের ভিতর সচেতনতা তৈরি হতে হবে।