কমলনগরে করোনা জয় করে ফিরলেন চিকিৎসকসহ আরও ২ জন
ছবি: সমকাল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আরও দুইজন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে সুস্থ্যতার সনদ নিয়ে বাড়ি ফেরেন তারা। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার পাশাপাশি সংবর্ধনা দেয়।
করোনা জয়ী এ দু’জন হচ্ছেন- স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. নাছিরুজ্জামান এবং উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি ডায়াগনিস্টক সেন্টারের মার্কেটিং অফিসার তারেক চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কোনো উপসর্গ না থাকলেও ওই দুইজন করোনা পরীক্ষার জন্য নিজ থেকে নমুনা সংগ্রহ করে দেন। পরীক্ষায় তাদের শরীরে করোনা পজিটিভ আসলে চিকিৎসার জন্য তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হয়। কয়েক দিন ধরে চিকিৎসা শেষে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শনিবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব তাদের দু’জনকে সরকারি অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, এখন পর্যন্ত কমলনগরে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এ দুইজনসহ ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর দুই জনের চিকিৎসা চলছে।