বোয়ালখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবলীগ কর্মী নিহত
বোয়ালখালীর এ খুনের ঘটনায় গ্রেপ্তার শওকত ও জসিমের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সমকাল
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৮:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতিপক্ষের গুলিতে মো. নাছির (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় নাছিরের বাবা মুক্তিযোদ্ধা আলী মদন ও ছোট ভাই লোকমান গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় জড়িত স্থানীয় হাছি মিয়ার দুই ছেলে শওকত ও জসিমকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত নাছির চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের অনুসারী ও যুবলীগ কর্মী। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চরণদ্বীপের খলিল তালুকদারের বাড়ির সামনে স্থানীয় হাছি মিয়ার ছেলে জসিমের সঙ্গে নাছিরের ভাই লোকমানের তর্ক হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হলে জসিমের ভাই শওকত বন্দুক নিয়ে এসে লোকমানকে মারধর করতে থাকে। খবর পেয়ে লোকমানের ভাই নাছির ও তার বাবা আলী মদন এগিয়ে এলে গুলি ছোড়েন শওকত। এতে ঘটনাস্থলেই নাছিরের মৃত্যু হয় এবং লোকমান ও আলী মদন গুলিবিদ্ধ হন। শওকতের পরিবারের সঙ্গে নাছিরের পরিবারের আগে থেকেই বিরোধ ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনসার্জ (ওসি) আবদুল করিম জানান, বোয়ালখালী থানা গিয়ে পুলিশ নাছিরের লাশ উদ্ধার করেছে ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে। এ সময় অভিযান চালিয়ে শওকত ও তার ভাই জসিমকে আটক ও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দু'টি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, নাছিরের বিরুদ্ধে থানায় অস্ত্র, ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাকে ২০১৯ সালে ফ্রেবুয়ারি মাসে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।