কুড়িগ্রামে চিকিৎসক-স্বাস্হ্যকর্মীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামে চিকিৎসক, নার্স, স্বাস্হ্যকর্মী এবং ইউএনও'র গাড়ি চালকসহ নতুন করে আরও নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার সকালে ঢাকা থেকে একজনের এবং বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগার থেকে ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
সিভিল সার্জন আরও জানান, শনিবার মোট ৯০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৯ জনের ফলাফল পজেটিভ। এদের মধ্যে জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালের নার্সসহ ২ জন, সদর উপজেলায় ১ জন স্বাস্হ্যকর্মী, কাঁঠালবাড়ী বাজার এলাকার ২ জন এবং কুয়েতপল্লীর ১ জন রয়েছেন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক ও তার ভাই এবং ইউএনও'র গাড়ি চালক রয়েছেন।
ডা. মো. হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে শনিবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪৪৬ জন। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৫৩৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এদিকে এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৮৮৯ জনের। তার মধ্যে ৫০ জনের ফলাফল পজিটিভ। এদের মধ্যে ৭ জন সুস্হ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।