গাংনীতে লিচু বাগান দখলের জেরে সংঘর্ষ, নিহত ২
প্রতীকী ছবি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মেহেরপুর গাংনী উপজেলায় লিচু বাগানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের একজন করে দু’জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাহেব নগর গ্রামের কবিরের ছেলে ইসমত কবির ডাবলু (৪২) ও একই গ্রামের সেকেন সরদারের ছেলে সানারুল ইসলাম (৫৫)।
নিহত ইসমত কবির ডাবলুর বোন সাবিনা খাতুন জানান, তাদের একটি লিচু বাগান দীর্ঘ ৩০ বছর ধরে তারা ভোগ করে আসছেন। কিন্তু ঘটনার সময় সেকেন সরদারের ছেলে সানারুল ও ইউপি সদস্য হাবিবের নেতৃত্বে তাদের সহযেগিরা লিচু বাগান দখল করতে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অপরদিকে সানারুলের স্ত্রী রশিদা খাতুন জানান, কবির ও তার ছেলে ডাবলু তাদের লিচু বাগান জোর করে দীর্ঘদিন থেকে দখল করে আছে। ঘটনার সময় বাগানের কাছে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান সংঘর্ষে দু’জন নিহতের খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।