ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কমলনগরে ডিজিটাল এক্স-রে মেশিনের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত

কমলনগরে ডিজিটাল এক্স-রে মেশিনের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত
×

ফাইল ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১১:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বুকের (ফুসফুসের) ডিজিটাল এক্স-রে জরুরি হলেও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই এর ব্যবস্থা। শুধু তাই নয়; টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ এক যুগ ধরে বিকল হয়ে পড়ে আছে হাসপাতালের এনালগ এক্স-রে মেশিনটিও। এতে করে এক্স-রের কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে আগত রোগীদের। পাশাপাশি ৫১ শয্যার এ হাসপাতালে ব্যাহত হচ্ছে কোভিড রোগীদের চিকিৎসা সেবা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০২ সালে এ হাসপাতালে একটি এনালগ এক্স-রে মেশিন স্থাপন করা হয়। এটি স্থাপনের পাঁচ বছরের মাথায় এর টেকনিশিয়ান অন্যত্র বদলি হয়ে যাওয়ায় মেশিনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকায় এক্স-রে মেশিনটি এখন বিকল অবস্থায় পড়ে আছে। যে কারণে, একটি নতুন ডিজিটাল এক্স-রে মেশিন বসানোর দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মো. শাহাজান নামে এক রোগী জানান, পা মচকে যাওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের মেশিন বন্ধ থাকায় বাইরের ক্লিনিকে গিয়ে অনেক টাকা খরচ করে তাকে এক্স-রে করাতে হয়েছে। তিনি বলেন, হাসপাতালে এক্স-রের ব্যবস্থা না থাকায় আমরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড স্থাপনা করে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোভিড রোগীদের চিকিৎসার জন্য বুকের (ফুসফুসের) ডিজিটাল এক্স-রে করার প্রয়োজন হয়। কিন্তু এ হাসপাতালে এর কোনো ব্যবস্থা না থাকায় কোভিড চিকিৎসা ব্যাহত হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার জানান, কোভিড চিকিৎসার কথা বিবেচনা করে এ হাসপাতালটিতে একটি ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

আরও পড়ুন

×