লকডাউনেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে প্রধান শিক্ষকের মাইকিং
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৩:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনার এই দুঃসময়েও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে এলাকায় মাইকিং করিয়েছেন এক প্রধান শিক্ষক। জনাসমাগম এড়ানোর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এমন নির্দেশ দিয়েছেন জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌকত ইসলাম। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ মাইকিং করানো হয়। অটোরিকশায় মাইকিংয়ে নিয়োজিত যুবকের কাছে ওই শিক্ষকের হাতে লেখা একটি কাগজ ছিল। সেখানে লেখা ছিল, ১৮ মে সকাল ১০টার সময় সকল শ্রেণির শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়াও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের টাকা নিয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবে। আদেশক্রমে প্রধান শিক্ষক সৌকত ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য জানান, ওই শিক্ষক করোনার এই দুর্যোগের দিনেও বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আসতে এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের টাকা পরিশোধ করতে চাপ প্রয়োগ করেছেন।
প্রধান শিক্ষক সৌকত ইসলামের সঙ্গে কথা হলে তিনি মাইকিংয়ের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, কেন ওই শিক্ষক এ কাজ করলেন সে বিষয়ে তার কাজে জবাব চাওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।