দরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ৪ ডিলারের লাইসেন্স বাতিল
ছবি -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৩:৪২ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৩:৫২
অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে খাদ্যবান্ধব কর্মসূচির চার ডিলারের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। রোববার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ডিলার জয়ন্ত মন্ডল, মাহমুদপুর ইউনিয়নের গৌর বিশ্বাস, সিংগা ইউনিয়নের শ্যামল দত্ত ও জুয়েল সরকারের লাইসেন্স এবং ডিলারশিপ বাতিল করা হয়েছে।
কাশিয়ানীর পুইশুর ইউনিয়নের ডিলার জয়ন্ত মন্ডলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার (১৪ মে) তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কাশিয়ানী উপজেলা খাদ্য অফিসের উপ-খাদ্য পরিদর্শক সুব্রত কুমার কুন্ডু জানান, অতি দরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ডিলারদের বিরুদ্ধে নামে-বেনামে কার্ড সৃজন করে চাল আত্মসাৎ, হতদরিদ্রের তালিকায় বিত্তশালীদের নাম, নিজ পরিবারের একাধিক সদস্যের নামে কার্ড ও স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন। এরই মধ্যে এই চার ডিলারের ব্যাপারে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া যায়। তিনজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। মাহমুদপুর ইউনিয়নের ডিলার গৌর বিশ্বাস নিজেই তদন্তের পূর্বেই তার ডিলারশিপের প্রত্যাহার (পদত্যাগ) চেয়ে আবেদন করেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ডিলারের লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনিয়ম ও শর্ত ভঙ্গ করে ১ ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে ৪ ডিলারের বিরুদ্ধে অনিয়মের সত্যতা মেলে। প্রতিবেদন হাতে পেয়ে চারজনের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে পার্শবর্তী ইউনিয়নের ডিলারকে দায়িত্ব দেয়া হবে। চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।’