ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যশোরে ফের বন্ধ হচ্ছে বিপণী বিতান

যশোরে ফের বন্ধ হচ্ছে বিপণী বিতান
×

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকারি নির্দেশনার আলোকে গত ১০ মে থেকে সীমিত আকারে যশোরে মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও আগামি ১৯ মে মঙ্গলবার সকাল থেকে তা পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রদুর্ভাব রোধে রোববার বিকেলে যশোর জেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাজার বন্ধের এ ঘোষণায় যশোরের জেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ সমকালকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত আকারে যশোরে বাজার খুলে দেওয়া হয়। সেইসঙ্গে বাজার মনিটরিং কমিটির সদস্যরা সারাক্ষণ মাইকিংসহ সামাজিক দূরত্ব রক্ষার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু বাজারে ব্যবসায়ী এবং ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় না রাখায় যশোরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে জেলা প্রশাসনের মার্কেট বন্ধের এই জরুরি সিন্ধান্ত নেওয়া লাগে।

জেলা প্রশাসক আরও বলেন, কোন দোকানদার বা মার্কেট জেলা প্রশাসনের এই সিন্ধান্ত অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। এ ছাড়া জরুরি কাজে নিয়েজিত যানবাহন চলাচল করবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকরি নির্দেশনা পালনে আগের মতোই জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান, জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

উল্লেখ্য, যশোরে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯১ জন এবং সুস্থ্য হয়েছেন ৫০ জন।

আরও পড়ুন

×