ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনা ঝুঁকি নিয়েই শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীর ঢল

করোনা ঝুঁকি নিয়েই শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীর ঢল
×

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৬:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো দক্ষিণবঙ্গগামী যাত্রীর ঢল নেমেছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার এসব মানুষ। ফেরিতে সাধারণ যাত্রীর সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যাও। এর মধ্যে বেশি দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি। ঢাকা থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় এসব ছোট যানবাহনে করে যাত্রীরা ভেঙ্গে ভেঙ্গে আসছেন ঘাটে।

পুলিশের ব্যারিকেড থাকায় ঘাট থেকে অনেকটা দূরেই যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। তারপর দীর্ঘপথ পায়ে হেঁটে শিমুলিয়া ঘাটে এসে ফেরি পার হচ্ছেন তারা। রোববার ভোর থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে বর্তমানে ৪টি রো-রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। তারপরও ঘাট সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, ফেরিগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফিরছেন মানুষ। মধ্যরাতে ছোটগাড়ি ও পণ্যবাহী গাড়ির অনেক চাপ থাকে। ভোর থেকে দেখা যায় যাত্রীদেরও ঢল।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে গত ২৩ মার্চ থেকে  লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জরুরি পরিষেবার জন্য সীমিত পরিসরে এ নৌরুটে ফেরি চলাচল করছে।

এ সুযোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২৩টি জেলার লোকজন মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশায় করে শিমুলিয়া- কাঁঠালবাড়ী ঘাটে আসছেন। এসব যাত্রীরা লঞ্চ ও সি-বোট বন্ধ থাকায় উপায় না পেয়ে ফেরিতে গাদাগাদি করেই পারাপার হচ্ছেন নদী।

এ ব্যাপারে কথা বলতে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া (মাওয়া) নদীবন্দরের বন্দর কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল কবির ও মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। গেল কয়েক দিনের তুলনায় শুক্রবার থেকে যাত্রীদের চাপ বেড়েই চলেছে ,আর ফেরিতেও বেড়েছে যানবাহনের সংখ্যা।

আরও পড়ুন

×