খুলনায় আরও ২৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৮:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার মৃত একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার ১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মারা যাওয়া একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন হোসাইন শাফায়েত জানান, দেবহাটা উপজেলার ওই ২৩ জন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফেরেন। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবীর জানান, কচুয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে নুরুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় রোববার তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪১ জনে। এর মধ্যে মারা গেছে ৭ জন।