ফরিদপুরে করোনায় প্রথম মৃত্যু মুক্তিযোদ্ধার
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরে করোনাভাইরাসজনিত কভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ৮০ বছর বয়সী খায়রুল আলম নামের এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ী বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে। তিনি একজন মুক্তিযোদ্ধা। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত রোববার ওই বৃদ্ধ এবং তার স্ত্রীর (৭০) করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ার বাড়িতে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।
তিনি বলেন, ওই বৃদ্ধ দম্পতি সম্প্রতি চিকিৎসক দেখাতে ঢাকার কচুখেতে ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আছরের নামাজের পর ওই বৃদ্ধের বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমার জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩টি নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। এদের সকলের বাড়িই নগরকান্দা উপজেলায়।
তিনি আরো বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১২জন ইতোমধ্যেই সুস্থ হয়ে গেছেন।