এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলার রায়ের তারিখ ঘোষণা
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ। আগামী মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন।
জানা গেছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহপরাণ থানায় ছয়জনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগীর স্বামী। অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। আসামিরা কারাগারে বন্দি রয়েছেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামত মিল পাওয়া যায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তারা হলেন– ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল হাসান ও মাহফুজুর রহমান মামুস। তাদের মধ্যে আসামি সাইফুর, রনি, মাসুম ও রবিউল এমসি কলেজের ছাত্র হওয়ায় ওই সময় তাদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হয়। আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় অভিযোগ গঠন করা হয়।
বিচারিক প্রক্রিয়ার এক পর্যায়ে ২০২২ সালে বাদীর রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। গত বছরের ১৭ মার্চ সরকার পক্ষ তাদের লিভ টু আপিল তুলে নিলে উচ্চ আদালত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।
মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ধর্ষণের শিকার নারী, তাঁর স্বামী, স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেট শারমিন খানম লিনা, সাইফুর রহামন ও জিয়াদুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রজিত ভট্টাচার্য, এমসি কলেজের অধ্যাপক তৌফিক ইয়াজদানী চৌধুরী ও ওসমানী হাসপাতালের চিকিৎসকসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল প্রথমবার যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবী শাহ মুশাহিদ আলী। সর্বশেষ গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামী ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার।
- বিষয় :
- ধর্ষণ