ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভূঞাপুরে মার্কেট-শপিংমল বন্ধের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভূঞাপুরে মার্কেট-শপিংমল বন্ধের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
×

বিক্ষোভকারীদের একাংশ -সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ভূঞাপুরের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি বিবেচনা করে মার্কেট ও শপিংমল বন্ধের প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-তারাকান্দী সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা ফের মার্কেট ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানান।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১০ মে থেকে মার্কেট ও শপিংমল খোলা হয়। কিন্তু মার্কেট ও শপিংমলগুলোতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন মার্কেট ও শপিংমল মঙ্গলবার থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ওষুধ ও কাঁচাবাজারের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এ বিষয়ে ভূঞাপুর বাজার সমিতিরি সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, প্রশাসনের শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনেই আমরা মার্কেট ও শপিংমলগুলো খোলা রেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল ধরনের দোকানপাট বন্ধ করে দেন। সাধারণ দোকানদাররা দাবি জানিয়েছেন, মার্কেট খুলে দেওয়া না হলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন বলেন, মার্কেট ও শপিংমলগুলো খোলার পর থেকে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। আর এ কারণেই মার্কেট, শপিংমলগুলো ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×