ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মানসিক ভারসাম্যহীন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মানসিক ভারসাম্যহীন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
×

ওই নারীকে বাংলাদেশি বলে দাবি করে বিএসএফ -সমকাল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৬:১৭ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৭:০৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার কেদার ক্যাম্পের বিএসএফ সদস্যরা সকাল ৯টার দিকে ৪৮নং গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এসময় ওই নারী আসতে না চাইলে আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯ এর সাব পিলার ৩ কাছ দিয়ে বিএসএসএফ তাকে মারধর করে পার করে দেয়। বিষয়টি টের পেয়ে সীমান্তে কাজ করা কৃষক এবং স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলেন এবং বিজিবিকে খবর দেয়। এসময় ওই নারী কাঁটাতারের বাইরে ভারতের ১০০ গজ অভ্যন্তরে দাঁড়িয়ে থাকে। পরে বিজিবি এসে পতাকা বৈঠকের আহ্বান জানালে কয়েক ঘণ্টা পর সারা দেয় বিএসএফ। 

বিজিব জানায়, পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কেদার ক্যাম্পের এসি ধর্মেন্দ্র রায় এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম-২২ বিজিবির কেদার কোম্পানি কমান্ডার আবদুস সবুর। আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯ এর সাব পিলার ৩ এর শূণ্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই নারীকে বাংলাদেশি বলে দাবি করে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির কেদার কোম্পানি কমান্ডার আব্দুস সবুর বলেন, তথ্য যাচাই-বাছাই হচ্ছে। উপযুক্ত প্রমাণ পেলে তাকে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

×