রংপুরে বৃদ্ধাকে হত্যা করে টাকা-পয়সা লুট
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৭:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরে মিনু বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করে টাকা-পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিনু রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ ও এলাকাবাসী জানান, মেয়ের বিয়ের পর মিনু বেওয়া একাই ওই বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে গৃহপরিচারিকা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে। গৃহপরিচারিকা চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যার পর পালিয়ে যায়। বাড়ির স্টিলের আলমারি ভাঙা ছিল। তাকে হত্যার পর টাকা পয়সা লুট করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই বৃদ্ধার পিঠে জখমের চিহ্ন রয়েছে।