ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুড়িগ্রামে গত ২১ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত

কুড়িগ্রামে গত ২১ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৪:৫২ | আপডেট: ২১ মে ২০২০ | ০৪:৫৩

আম্পানের প্রভাবে কুড়িগ্রামে বুধবার সন্ধ্যা থেকে অবিরাম কখনও হালকা এবং কখনও ভারি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। 

জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত গত ২১ ঘণ্টায় ১১৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার। 

এছাড়া বুধবার দিবাগত রাত ৩টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) স্থানীয় নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মাজেদ। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। এর ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এ দিকে জেলার উপর দিয়ে প্রবাহিত আন্ত নদী তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রে পানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান জানিয়েছেন, ঝড়ো হাওয়ার কারণে কিছু ক্ষেতের পাকা ধান গাছ হেলে মাটিতে শুয়ে পড়েছে। দু'একদিনের মধ্যে আবহাওয়া ভালো না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, জেলায় এবার ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৪৯ শতাংশ জমির ধান কাটা-মাড়াই এখনও বাকি রয়েছে। 

পাশাপাশি জেলায় এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

আরও পড়ুন

×