আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, মিলল ৬ পাতার চিরকুট
আবাসিক হোটেলের কক্ষ ভেঙে মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১২:১৪
কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছয় পাতার একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, চিরকুটে ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহত আনোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি গ্রামের সাইজ উদ্দিনের ছেলে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশের বরাতে জানা যায়, আনোয়ার ভৈরবে এলে প্রায়ই পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলে থাকতেন। গত ৩০ জুন তিনি হোটেলের ১০ নম্বর কক্ষে ওঠেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলের এক কর্মচারী কক্ষের ভাড়া নিতে গিয়ে দরজায় কয়েকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে উঁকি দিলে আনোয়ারকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ছয় পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক, প্রেমিকার বিয়ে এবং সম্পর্কের অবসান নিয়ে তার ব্যক্তিগত অনুভূতির কথা লেখা রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি অপরিচিত নম্বরে মিসড কলের মাধ্যমে একই এলাকার এক তরুণীর সঙ্গে আনোয়ারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আনোয়ার ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে জনবল পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি মামলায় তিনি কয়েক মাস কারাগারে ছিলেন। ওই সময় তার প্রেমিকার পরিবার মালয়েশিয়াপ্রবাসী এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দেয়।
হোটেলের কর্মচারী আরিফুল ইসলাম শান্ত বলেন, আনোয়ার তাদের নিয়মিত অতিথি ছিলেন। বৃহস্পতিবার রাতে কক্ষে সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি লিমন বোস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও ছয় পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ বা চিরকুটের বিষয়বস্তু সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মরদেহ উদ্ধার