টুঙ্গিপাড়ায় রাস্তার ইট চুরি করতে গিয়ে ধরা
ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০ | ২১:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতের আধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাস্তার ইট চুরি করতে গিয়ে ধরা খেয়েছে বাবু রায়। তিনি ডুমুরিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যের বড় ভাই। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী মো. তায়েব শেখ জানান, ভোরে সেহেরি খেয়ে রাস্তায় হাঁটতে এসে দেখেন বাবু রায়সহ কয়েকজন রাস্তার ইট তুলে নৌকায় ভরছে। কিন্তু ইটের পরিমাণ বেশি হওয়ায় নৌকাটি ডুবে যায়। পরে তারা নদীর কুল থেকে ডুবে যাওয়া ওই নৌকা ও ইট তুলতে থাকে।
তায়েব জানান, কে কে বলে চিৎকার দেওয়ায় বাবু পরিচয় গোপন করে অন্যের নাম বলে। কাছাকাছি যেতেই বৈঠা দিয়ে তাকে আঘাত করে। বাবুসহ কয়েকজনকে দেখলে পেলে তারা তায়েবকে জাপটে ধরে। তিনি চিৎকার দিতেই পরিবারের লোকজন ছুটে আসে। বাবু রায় তখন মুখ ঢেকে রাস্তায় শুয়ে কান্নাকাটি জুড়ে দেয়।
স্থানীয় রাজু পাল অভিযোগ করেন, এলাকাবাসী ইট চোর ধরেছে সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলাম। মেম্বারের ভাই ইট চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এই কথা বলায় মেম্বার ও তার ছেলে আমাকে মারপিট করেছে।স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য বড় ভাইয়ের চুরির বিষয়টি হুমকি দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু রায়ের কোন বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্থানীয় ওই ইউপি সদস্য মুঠোফোনে জানান, ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন তার সম্পর্ক নেই। এ বিষয়ে তিনি তাই কিছু বলতে পারবেন না। তারা কাউকে হুমকি বা মারধর করেনি বলেও দাবি করেন।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।