চাঁদরাতে অগ্নিকাণ্ডে নিঃস্ব অটোরিকশাচালক
আগুনে পুড়েছে বসতঘর
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০ | ২২:৪৩ | আপডেট: ২৪ মে ২০২০ | ২৩:০৬
ঈদুল ফিতরের আগের দিন রাতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন সিরাজগঞ্জের তাড়াশের অটোরিকশাচালক সিরাজুল ইসলাম।
রোবরাত রাত ৩টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই রাতে বাড়ির বারান্দায় রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় তা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে সিরাজুলের দুটি ঘরে লেগে পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে তার ঘরে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকাসহ ঘরে রাখা প্রায় ৭ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজুলের বোনজামাই ফারুক মহুরী বলেন, বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের ঈদের আনন্দ বলতে কিছুই রইলো না।