ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফসলের পর এমপির উপহারও বিলিয়ে দিলেন মাগুরার সেই কৃষক

ফসলের পর এমপির উপহারও বিলিয়ে দিলেন মাগুরার সেই কৃষক
×

মঞ্জু শেখকে নিয়ে ৬ মে সমকালে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৫:১৯ | আপডেট: ২৫ মে ২০২০ | ০৫:২২

করোনা পরিস্থিতে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজের ক্ষেতে উৎপাদিত সব ফসল ও খাদ্য সামগ্রী আগেই বিতরণ করে দিয়েছিলেন মাগুরার শ্রীপুর গ্রামের সাধারণ কৃষক মঞ্জু শেখ। এবার তাকে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া ঈদ উপহারও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিলেন এই কৃষক।

গত ৫ মে বিকেলে নিজ বাড়িতে দুইশ’ দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজের ক্ষেতের ফসল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কৃষক মঞ্জু শেখ। পরদিন এ নিয়ে সমকালে 'ক্ষেতে উৎপাদিত সব ফসল বিতরণ করে দিলেন মাগুরার কৃষক মঞ্জু' শিরোনামে সংবাদ প্রকাশ হয়, যা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নজরে আসে। একজন সাধারণ কৃষকের এ ধরনের মানবিক কাজে খুশি হয়ে এমপি শিখর রোববার দুপুরে তাকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গোপনে ঈদ উপহার হিসেবে বেশ কিছু নগদ টাকা প্রদান করেন। তবে মনঞ্জু শেখ রোববার বিকেলেই এমপির দেওয়া ঈদ উপহারের টাকায় সেমাই, টিনি, তেল, ডাল, গুঁড়ো দুধ, সাবান কিনে এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন।

এ বিষয়ে মঞ্জু শেখ বলেন, তিনি কোনো নেতা বা জনপ্রতিনিধি নন। তিনি একজন সাধারণ কৃষক। নিজের জমিতে চাষাবাদ করে যে ফসল উৎপাদন হয়, তা দিয়ে সারাবছর পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে জমিতে ভালো উৎপাদন হলে কোনো-কোনো বছর পারিবারিক চাহিদা মিটিয়ে অনেক সময় কিছু ফসল উদ্বৃত্ত থেকে যায়। কিন্তু তার এলাকায় অনেক শ্রমজীবী মানুষ আছেন, যাদের কোন ফসলি জমি বা ব্যবসা -বাণিজ্য নেই।  করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া এসব মানুষ আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। যে কারণে তিনি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

কৃষক মঞ্জু শেখের মানবিকতায় খুশি হয়ে তাকে ঈদ উপহার হিসেবে কিছু নগদ অর্থ দেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর - সমকাল

তিনি জানান, তার ক্ষেতে উৎপাদিত সব ধান, গম ও অন্যান্য ফসল বিক্রি করে ডাল, তেল ও আলু কিনে এলাকার ৩০০ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। বিষয়টি নিয়ে সমকালে সংবাদ প্রকাশ হয়, যা স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখরের নজরে আসে। পরে এমপি তার মানবিক কাজে খুশি হয়ে ঈদের আগের দিন রোববার দুপুরে তাকে বেশ কিছু নগদ টাকা উপহার হিসেবে প্রদান করেন। এই টাকা পেয়ে তিনি মানবিক কাজের জন্য আরো অনুপ্রাণিত হন। এই কারণেই এমপির দেওয়া উপহারের টাকা দিয়ে ওইদিন বিকেলেই তিনি এলাকায় ১০০ দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, ডাল, তেল ও সাবন কিনে বিতরণ করেন।

মঞ্জু শেখ বলেন, সামান্য এক ভাইরাসের কাছে অর্থবিত্ত , ক্ষমতা সবকিছুই মূল্যহীন। যে কারণে তিনি মনে করেন, মহামারি করোনার সময়ে যার যতটুকু ক্ষমতা আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত।

এলাকার একাধিক নারী-পুরুষ জানান, মঞ্জু শেখ শুধু করোনার মধ্যে ৩০০ অসাহায় মানুষের মাঝে ক্ষেতের ফসল ও এমপির উপহারের টাকায় কেনা ঈদ সমগ্রী বিতরণ করেছেন তাই নয়, বরাবরই তিনি একজন পরোপোকারী, মানবিক গুণাবলী সম্পন্ন ও দানশীল ব্যক্তি। কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে গিয়ে খালি হাতে আসনি।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, 'সাধারণ একজন কৃষক হয়ে তিনি যে মানবিকতা দেখিয়েছেন তা অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের ভালো কাজের জন্য বর্তমান সময়ে তার মত মানুষের খুব প্রয়োজন। যে কারণে তাকে অনুপ্রাণিত করার জন্য ঈদ উপহার হিসেবে কিছু নগদ অর্থ দিয়েছিলাম। শুনেছি, সেটাও তিনি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন।'

আরও পড়ুন

×