অভয়নগরে ভাইয়ের দায়ের কোপে আরেক ভাই খুন
প্রতীকী ছবি
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৬:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মামাতো ভাই জাকির মোল্যার দায়ের কোপে ফুফাতো ভাই এরশাদ বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পুড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।
নিহত এরশাদ বিশ্বাস উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ বিশ্বাসের ছেলে এবং জাকির মোল্যা উপজেলার পুড়াখালি গ্রামের জিন্নাহ মোল্যার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির মোল্যার স্ত্রীকে কটুক্তি করে ফুফাতো ভাই এরশাদ বিশ্বাস। তারই জেরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মামাতো ভাই এরশাদ বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় এরশাদ বিশ্বাস বাড়ির পাশে ফকির বাগান বাজারে চায়ের দোকানে গল্প করছিলেন। তাকে মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’