মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০ | ১০:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদারীপুরে ঈদের দিন পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও ৪ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাদারীপুর শহরের যাচ্ছিল কয়েক যুবক। এ সময় শহরের ইটেরপুল এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী সরদার (২২) কে মৃত ঘোষণা করেন।
নিহত আলী সরদার মাদারীপুরের সিমান্তবর্তী গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার রাগদি ইউনিয়নে চরপ্রসন্দি গ্রামের সলেমান সরাদারের ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বাগেরহাটের চিতলমারি থেকে পদ্মা সেতু দেখতে তিন যুবক মোটরসাইকেল নিয়ে শিবচরে আসে। সোমবার বিকেলে পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার দৌলতপুরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং এর সাথে ধাক্কা লেগে মো. ডালিম শেখ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকার দৌলতপুরে দুর্ঘটনা ঘটে। চালক ঘটনাস্থলেই মারা গেছে। নিহতের বিস্তারিত তথ্য এখনও পাওয়ানি।’