গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ২ জনের করোনা শনাক্ত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০ | ১১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুইজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর ফকিরপাড়া গ্রামের এক চাল ব্যবসায়ী গাজীপুর থেকে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতালে খবর দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠায়। রির্পোটে তার দেহে করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে।
এদিকে গোবিন্দগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের দেহেও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানান ডা. মজিদুল। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেকে নমুনা সংগ্রহের জন্য ফোনে যোগাযোগ করছেন। পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।