ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনা উপসর্গে মানিকছড়িতে পোশাকশ্রমিক ও সুন্দরগঞ্জে নারীর মৃত্যু

করোনা উপসর্গে মানিকছড়িতে পোশাকশ্রমিক ও সুন্দরগঞ্জে নারীর মৃত্যু
×

মানিকছড়ি ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২০ | ১৩:৩০ | আপডেট: ২৬ মে ২০২০ | ১৩:৪৩

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারী পোশাকশ্রমিকের এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপর এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকছড়ি: করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের নিজ বাড়িতে ২৩ বছর বয়সী এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পোশাকশ্রমিকের বাড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায়। গত ১৯ মে গ্রামের বাড়িতে আসেন তিনি। গত ৩/৪ দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথায় ভুগছিলেন তিনি। অভিভাবকরা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি উপজেলা হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এরপর পরিবার ভয়ে তাকে চিকিৎসকের কাছে না নিয়ে জ্বর ও ব্যথার ওষুধ (প্যারাসিটামল) সেবন করান। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, করোনা উপসর্গে পোশাকশ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে ঈদের দিন সোমবার রাতে উপজেলার পূর্ব বাছহাটী গ্রামের এক নারীর (৪৯) হয়েছে। প্রশাসনকে বিলম্বে খবর দেওয়ার কারণে তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। ওই নারী দীর্ঘদিন ধরে ঢাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

স্থানীয়রা জানান, ওই নারী রোববার করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখে। ঈদের দিন সোমবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার, সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান সর্বনন্দ, ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার দাফনের ব্যবস্থা করেন। পরে উপজেলা দাফন কমিটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে তাকে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, বিলম্বে খবর পাওয়ায় ওই নারীর নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে পরিবার জানিয়েছে, করোনা উপসর্গে তার মৃত্যু হয়েছে। এ কারণে ওই গ্রামের ১৪টি বাড়ি লকডাউন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 




 

আরও পড়ুন

×