ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বরগুনায় হৃদয় হত্যাকাণ্ড: ২০ জনের নামে মামলা, গ্রেফতার ৭

বরগুনায় হৃদয় হত্যাকাণ্ড: ২০ জনের নামে মামলা, গ্রেফতার ৭
×

হৃদয়

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০০:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরগুনার হৃদয় হত্যাকাণ্ডে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বরগুনা থানায় মামলাটি করেন নিহত হৃদয়ের মা মোসা. ফিরোজা বেগম। এ মামলায় এখন পর্যন্ত সাত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত এগারোটায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

তিনি বলেন, নিহত হৃদয়ের ওপর হামলার ঘটনার পরই আমরা ভিডিও ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করি। এরপর মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নিহত হৃদয়ের মা ফিরোজা বেগম হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেফতার হওয়া সাতজনসহ ২০ জনের নাম উল্লেখ করেন তিনি। এ ছাড়াও এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়েছে আরও আজ্ঞাত ১৪-১৫ জনকে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মামলা দায়ের করার আগেই সন্দেহভাজন হিসেবে আমরা যাদের গ্রেফতার করেছি, তাদের নাম মামলায় উল্লেখ থাকায় তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে। এ ছাড়াও এ মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারে চেষ্টা চালছে জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু এ মামলায় সকল অভিযুক্তদের আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি, তাই তাদের দ্রুত গ্রেফতারের স্বার্থে মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে- তাদের নাম আমরা এখনই প্রকাশ করছি না।’

বরগুনা সদর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এই সাতজন হলেন- এ মামলার এক নম্বর আসামি নোমান কাজি (১৮), দুই নম্বর আসামি হেলাল মৃধা (২৬), ছয় নম্বর আসামি সাগর গাজি (১৬), সাত নম্বর আসামি ইমন হাওলাদার (১৮), আট নম্বর আসামি রানা আকন (১৬), ১২ নম্বর আসামি সফিকুল ইসলাম ঘরামি (১৫) এবং ১৫ নম্বর আসামি হেলাল ফকির (২১)।

এর আগে ঈদের দিন সোমবার বিকেলে বরগুনার পায়রা নদীর পাড়ে গোলবুনিয়া বল্ক ইয়ার্ডে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যায় হৃদয়। এ সময় পূর্বশত্রুতার পাশাপাশি হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে অভিযুক্তরা উত্ত্যক্ত করলে হৃদয় এর প্রতিবাদ করে। এতে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা হৃদয়সহ তার কয়েক বন্ধুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করে হৃদয়।

আরও পড়ুন

×