কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি
খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৪:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা এবং ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় শুরু থেকেই অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদের দ্বিতীয় দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ব্যাপারে তিনি তার দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও সেনা সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের কাজও অব্যাহত রেখেছে। আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতসহ বিভিন্ন ধরনের জনসেবামূলক কার্যক্রমও চলমান রয়েছে।
অন্যদিকে করোনা মোকাবিলায় ঈদের আনন্দকে কেন্দ্র করে যাতে রাস্তা ও বিনোদনমূলক স্থানে অপ্রয়োজনীয় লোকজনের সমাগম না হয় সেদিকে কড়া নজরদারির পাশাপাশি জীবাণুনাশক পয়েন্ট স্থাপনসহ বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা।