বিরামপুরে ’অ্যালকোহল’ পানে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৪:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দিনাজপুরের বিরামপুরে অ্যালকোহল জাতীয় পানীয় পান করে ঈদ উদযাপন করতে গিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।
বুধবার ভোর রাতে উপজেলার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন এবং দুপুরে স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী এতথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- বিরামপুর পৌর শহরের আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসিন আলি (৩৮) , আমৃত (২৫), শফিকুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী মঞ্জু আর বেগম (৩৫)।
ওসি মো. মনিরুজ্জামান জানান, অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে বুধরার ভোরে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, অন্য দুইজন স্বামী-স্ত্রীরও অ্যালকোহল জাতীয় কোনো পানীয় সেবনের কারণে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মারা যাওয়া ছয় ব্যক্তি অ্যালকোহল-জাতীয় কোনো পানীয় পান করেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান ও বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।