মানিকগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৫:১৪ | আপডেট: ২৭ মে ২০২০ | ০৫:২২
মানিকগঞ্জে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা ও কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারা মারা যান। এ নিয়ে জেলায় আইসোলেশন ওয়ার্ডে সাতজনের মৃত্যু হলো।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধার (৬০) বাড়ি সাটুরিয়া উপজেলায়। আর মৃত কিশোরের (১৬) বাড়ি ঘিওর উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ওই বৃদ্ধা। জরুরি বিভাগের চিকিৎসক শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। পরের দিন বিকেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এরইমধ্যে মঙ্গলবার রাত ৯টার দিকে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে ওই কিশোরকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনেরা। তার শ্বাসকষ্টসহ ব্যথাজনিত সমস্যা ছিল। চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তবে বুধবার দুপুর পর্যন্ত তাদের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বদা উল্লাহ। তিনি বলেন, ফলাফল না পাওয়ায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে এ পর্যন্ত জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সাতজনের মৃত্যু হলো। তাদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন কিশোর।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে স্থানীয় এক সংবাদকর্মীসহ আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৮ জন।