নওগাঁয় আম বাগান থেকে আদিবাসীর মৃতদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৭:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁর সাপাহারে এক আদিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ফুরকটিডাঙ্গা গ্রামের একটি আম বাগান থেকে দীনেশ ওরাও (৪২) নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত দীনেশ উপজেলার তুলশীপাড়া গ্রামের মৃত ললিত ওরাও-এর ছেলে।
স্থানীয়দের ধারণা, চোলাইমদ পান করার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।
সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চত করা যাবে।