গোপালগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২০ | ২৩:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৫৮ জন। আক্রান্ত ৯৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে ৩ জন, কোটালীপাড়ায় ২ জন ও মুকসুদপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় একজন চিকিৎসকসহ ৪৪ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৯ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩২ জন এবং টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে ঈদ করতে আসা ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত বলে সিভিল সার্জন উল্লেখ করেন।