ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বারির বিজ্ঞানীদের উদ্ভাবন

বারোমাসি শজিনা

বারোমাসি শজিনা
×

ইজাজ আহ্‌মেদ মিলন, গাজীপুর

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ১৫:০৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ১৫:৩৮

বারো মাসই চাষাবাদের উপযোগী একটি শজিনার জাত উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা। দেশে এটিই বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রথম জাত। বারোমাসি এ জাতের শজিনায় প্রচুর পরিমাণ ভিটামিন 'এ', ভিটামিন 'সি' এবং খনিজ পদার্থ ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন রয়েছে। উদ্ভাবিত জাতটির নাম দেওয়া হয়েছে 'বারি শজিনা-১'।

প্রায় সাত বছর গবেষণা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ারা আক্তারের নেতৃত্বে পাঁচ সদস্যের একদল গবেষক এ জাত উদ্ভাবন করেছেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড উদ্ভাবিত জাতটি চাষাবাদের জন্য অনুমোদন দিয়েছে।

গবেষক দলের প্রধান আনোয়ারা আক্তার জানান, উদ্ভাবিত জাতের শজিনা গাছে জানুয়ারি মাস থেকে ফুল আসা শুরু হয় এবং অক্টোবর মাস পর্যন্ত ক্রমাগত ফুল আসে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ছাড়া বছরের প্রায় সময়েই গাছে ফুল বা ফল পাওয়া যায়। দেশে শজিনার ব্যাপক চাহিদা থাকায় এবং প্রায় বছরব্যাপী এ জাতটি ফল ধারণে সক্ষম হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষাবাদের পর্যাপ্ত সুযোগ রয়েছে।

বারি শজিনা-১-এ বছরে তিন থেকে ছয়বার ফল ধরে। গাছটির পাতা যৌগিক, ছোট, পত্রকসমূহ উপবৃত্তাকার বা ডিম্বাকার। ফল লম্বা এবং সবুজ বর্ণের, বীজ ত্রিকোণী ও ডানাবিশিষ্ট। ফল পাকলে ফেটে গিয়ে বীজ ছড়িয়ে পড়ে। প্রতি ফলের গড় ওজন ৩০ গ্রাম। ফল দেখতে হালকা সবুজ বর্ণের। ফল সাধারণত একক এবং গুচ্ছাকারে ধরে। পাঁচ বছর বয়সী প্রতিটি গাছে গড় ফলের সংখ্যা এক হাজার ৪৫০টি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলন বাড়ে।

গবেষক দলের প্রধান আনোয়ারা আক্তার

বারি শজিনা-১ পাহাড়ি এলাকাসহ বাংলাদেশের সব জায়গাতেই প্রায় সব ধরনের মাটিতে চাষযোগ্য। তবে উঁচু ও সুনিস্কাশিত বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি এ জাতের শজিনা চাষের জন্য সর্বোত্তম। বীজ বা শাখা কলম, দাবা কলম, গ্রাফটিংয়ের মাধ্যমে শজিনার বংশবিস্তার করা হয়। কৃষি বিজ্ঞানী আনোয়ারা আক্তার বলেন, উদ্ভাবিত গাছের গোড়া সব সময় আগাছামুক্ত রাখতে হবে। এক-দুই বছর পর্যন্ত গাছে ফুল ধরলেও তা ফেলে দেওয়া ভালো। গাছের উচ্চতা তিন ফুট না হওয়া পর্যন্ত ডাল ছাঁটাই করা উত্তম। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না। শজিনার এ জাতটিতে প্রধান প্রধান রোগ ও পোকামাকড়ের আক্রমণ অত্যন্ত কম।

আরও পড়ুন

×